বাংলাদেশ নিয়ে হঠাৎ সুর বদল বিজেপির, নেতাদের সংযত থাকার নির্দেশ
ছবি: এআই
বাংলাদেশকে ঘিরে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের একের পর এক হুঁশিয়ারি ও বিতর্কিত মন্তব্যের মধ্যেই এবার সুর পাল্টাচ্ছে দলটির নেতারা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের সংযত থাকার বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেছেন, প্রতিবেশী দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্তব্য করার দায়িত্ব বিজেপির রাজ্য নেতাদের নয়, ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের।
বুধবার (২৫ নভেম্বর) শমীক ভট্টাচার্য এই আহ্বান জানান। যদিও কয়েক দিন আগেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সাধারণ মানুষকে পথে নামার আহ্বান জানিয়েছিলেন তিনি। ফলে তার সর্বশেষ বক্তব্যকে বিজেপির তাৎপর্যপূর্ণ অবস্থান বদল হিসেবে দেখা হচ্ছে।
আনন্দ বাজারের প্রতিবেদনে বলা হয়, শমীকের এই সংযত অবস্থানের পেছনে রয়েছে সম্প্রতি বাংলাদেশ ইস্যুতে দলেরই কয়েকজন নেতার বেফাঁস মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্ক। বিশেষ করে মঙ্গলবার বিজেপি নেতা অর্জুন সিংয়ের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি প্রকাশ্যে বলেছেন, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেওয়া হবে। দেশটিতে হিন্দুদের ওপর হামলার প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।
বিজেপি নেতাদের এ ধরনের বক্তব্যের সমালোচনা করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ সংঘাতকে পশ্চিমবঙ্গের ধর্মীয় বা রাজনৈতিক স্বার্থসিদ্ধির হাতিয়ার করা বিপজ্জনক। প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে ভারতের বক্তব্য থাকলে তা আসা উচিত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে।
বিভি/এইচজে













মন্তব্য করুন: