মানুষের মতো কফি বানাচ্ছে রোবট! দেখাচ্ছে ভবিষ্যতের প্রযুক্তি
কফি বানানো থেকে শুরু করে পরিবেশন, এমনকি কাজ শেষে টেবিল পরিষ্কার—সবই করছে একটি রোবট। মানুষের মতোই নিপুণ হাতে কফি তৈরির পাশাপাশি পরিচ্ছন্নতার কাজও করে দর্শনার্থীদের নজর কেড়েছে রোবট বারিস্তা। চীনের শেনজেনে অনুষ্ঠিত ২৮তম চায়না হাই-টেক ফেয়ারে (সিএইচটিএফ) শুক্রবার (২৭ নভেম্বর) দেখা মিলেছে এই প্রযুক্তির।
মেলায় রোবটটিকে বিশেষ পদ্ধতিতে গরম পানির সাহায্যে কফি তৈরি করতে দেখা যায়। কফি পরিবেশনের পর টেবিলটিও মুছে পরিষ্কার করে সে। রোবটের তৈরি কফি পান করে মুগ্ধ ইতালির দর্শনার্থী ভেরোনিকা। তাঁর ভাষায়, কখনো ভাবেননি রোবটের তৈরি কফি পান করতে পারবেন। তাঁর কাছে পুরো অভিজ্ঞতাটিই ভবিষ্যতের প্রযুক্তির মতো মনে হয়েছে।
‘চীনের এক নম্বর বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী’ হিসেবে পরিচিত এই আয়োজন বসেছে দেশটির গুয়াংডং প্রদেশের শেনজেন ওয়ার্ল্ড এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে।
এবারের প্রদর্শনীর আয়তন প্রায় ৪ লাখ বর্গমিটার। এতে বিশ্বের ১২০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় ৫ হাজার প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রযুক্তির নানা উদ্ভাবনের পাশাপাশি রোবটের এমন ব্যবহারও দর্শনার্থীদের সামনে তুলে ধরছে ভবিষ্যতের কর্মজগতের নতুন সম্ভাবনা।
বিভি/এসজি













মন্তব্য করুন: