• NEWS PORTAL

  • রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

তেলের দাম কমানোর বিষয়ে যে আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ২১:২১, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
তেলের দাম কমানোর বিষয়ে যে আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমামাত্রই অনুপাতিক হারে বাংলাদেশেও তেলের দাম কমিয়ে আনা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ঢাকার ধোলাইখাল সংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে বক্তব্যদানকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত ওই প্রতিবাদ সভা ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইশরাক হোসেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী আন্তর্জাতিক বাজারের বাস্তবচিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাবিশ্বে এবং আমাদের পার্শ্ববর্তী দেশে জ্বালানি তেলের দাম বহুগুণ বেড়েছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্ভোগ যেন না হয়, সেজন্য প্রথম এক মাস জ্বালানি তেলের দাম এক টাকাও বাড়াননি। তবে, সীমান্ত দিয়ে তেল পাচার রোধ এবং আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রাখতেই সর্বনিম্ন পরিমাণ মূল্য সমন্বয় করতে হয়েছে।

সাময়িক এই দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করে তিনি আশ্বস্ত করেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমামাত্রই অনুপাতিক হারে বাংলাদেশেও তেলের দাম কমিয়ে আনা হবে।

সরকারের বিগত সাত মাসের কাজের সাফল্য ও পরিকল্পনার চিত্র তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার ব্যাপক জনআকাঙ্ক্ষা নিয়ে গঠিত হয়েছে। সরকার যখন রাজনৈতিক শৃঙ্খলা রক্ষা, সাংবিধানিক সংস্কার এবং গণতন্ত্র সুসংহত করার কাজ করছে, তখন একটি রাজনৈতিক গোষ্ঠী সাত মাসের মাথায় সরকার পতনের এক দফা এবং লংমার্চের মতো কর্মসূচির হুংকার দিচ্ছে।

বক্তব্যের শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশবাসীকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, রাজপথে রক্ত দিয়ে যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটানো হয়েছে, একইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত রাখতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত