মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য মন্ত্রণালয়ের জরুরি সতর্কবার্তা
মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মী ও রিক্রুটিং এজেন্টদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সতর্কবার্তায় আনুষ্ঠানিকভাবে নির্দেশিকা প্রকাশের আগে দেশটিতে কর্মী পাঠানো সংক্রান্ত যেকোনো ধরনের লেনদেন ও চুক্তি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার থেকে মালয়েশিয়ায় লোক পাঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত গমনেচ্ছু কর্মীরা যেন কোনো ব্যক্তি বা সংস্থার সঙ্গে আর্থিক বা অন্য কোনো যোগাযোগ না করেন। একই সঙ্গে মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া আগাম মেডিকেল টেস্ট করানো বা এ বাবদ কোনো অর্থ লেনদেন না করারও অনুরোধ করা হয়েছে।
অন্যদিকে রিক্রুটিং এজেন্সির প্রতিও কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়, সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো কর্মীর সঙ্গে কোনো ধরনের চুক্তিতে আবদ্ধ হওয়া যাবে না। পাশাপাশি পাসপোর্ট সংগ্রহ, ডাক্তারি পরীক্ষা বা কর্মী পাঠানোর দোহাই দিয়ে যেকোনো ধরনের টাকা লেনদেন বা ফি আদায় থেকে এজেন্টদের স্পষ্টত বিরত থাকতে বলা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা বা নির্দেশনা দেওয়ার পরই কেবল মালয়েশিয়া যাওয়ার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া যাবে।
এ সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য জানা বা অভিযোগ জানাতে প্রবাসী কল সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে ১৬১৩৫ এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে কল করা যাবে।
এছাড়া মন্ত্রণালয়ের নির্ধারিত ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. হেদায়েতুল ইসলাম মন্ডলের সঙ্গেও টেলিফোন (+০২-৪১০৩০২৪১), মোবাইল (০১৭১৬০৪৮১১৫) কিংবা ইমেইলে ([email protected]) সরাসরি যোগাযোগ করা যাবে।
বিভি/এসজি













মন্তব্য করুন: