• NEWS PORTAL

  • সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার নির্দেশ

প্রকাশিত: ২০:৩১, ৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার নির্দেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর‌ (বৃহস্পতিবার) ছুটির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ওইদিনের ছুটির বদলে ১৭ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে পূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিনের ছুটি পাবেন।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর ছুটি এবং আগামী ১৭ অক্টোবর অফিস খোলা থাকবে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। ২২ অক্টোবর অফিস খোলা ছিল। এখন মন্ত্রিসভার সিদ্ধান্তে ওই দিনেও ছুটি পুনর্নির্ধারণ করা হয়েছে। ফলে এই তিনদিনের পূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচদিন ছুটি ভোগ করবেন।

মন্ত্রিসভা ছুটি অনুমোদনের পর এখন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিভি/টিটি

মন্তব্য করুন: