আরও এক দিবসে সাধারণ ছুটি ঘোষণা করলো সরকার
প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপনসংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। দিনটি ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে যথাযথভাবে পালন করা হবে।
এদিকে একই বৈঠকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর একদিনের অতিরিক্ত সরকারি ছুটির প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এর ফলে সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন।
সরকারি ছুটির পূর্বনির্ধারিত তালিকায় ২০ ও ২১ অক্টোবর দুর্গাপূজার ছুটি ছিল। ২২ অক্টোবর বৃহস্পতিবার কর্মদিবস থাকলেও নতুন সিদ্ধান্তে ওই দিনও সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি রয়েছে।
ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি থাকছে।
এ ছাড়া মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
বিভি/টিটি













মন্তব্য করুন: