জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার দিচ্ছে সিআইএফ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও দেশের জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ঘোষিত ৩ কোটি (৩০ মিলিয়ন) মার্কিন ডলারের অর্থায়ন ছাড়ের প্রক্রিয়া নিয়ে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (সিআইএফ) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। বৈঠকে অর্থায়ন ব্যবহারের অগ্রাধিকার, প্রকল্প নির্বাচন, উপকূলীয় সুরক্ষা এবং ভবিষ্যৎ সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে তুরস্কের আন্তালিয়ায় কপ সম্মেলনস্থলে অবস্থিত সিআইএফ কার্যালয়ে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সিআইএফের প্রধান নির্বাহী কর্মকর্তা তারিয়ে গবাদেগেসিন এবং অংশীদারত্ব ও অংশীজন সম্পৃক্ততা বিভাগের প্রধান জ্যাকব থপিল অংশ নেন। বাংলাদেশের প্রতিনিধিদলে জলবায়ু অর্থায়ন বিশেষজ্ঞ শাহ আদনান মাহমুদ এবং ইয়ুথ ফর এনডিসির আমানউল্লাহ পরাগ উপস্থিত ছিলেন।
বৈঠকে সিআইএফের অ্যারাইজ কর্মসূচির আওতায় বাংলাদেশের জন্য ঘোষিত অর্থায়ন কার্যকরভাবে ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সিআইএফ প্রতিনিধিরা জানান, এ কর্মসূচির মূল লক্ষ্য জলবায়ু ঝুঁকিকে বিনিয়োগের সুযোগে রূপান্তর করা এবং জলবায়ু পরিবর্তনজনিত আর্থিক অভিঘাত থেকে অর্থনীতিকে সুরক্ষা দেওয়া। ছয়টি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এ কর্মসূচিতে বৃহত্তর সহ-অর্থায়ন নিশ্চিত করার সুযোগ রয়েছে।
এ কর্মসূচির আওতায় অনুদান, শর্তসাপেক্ষ অনুদান, স্বল্পসুদের ঋণ, ইকুইটি বিনিয়োগ ও গ্যারান্টিসহ বিভিন্ন আর্থিক উপকরণ ব্যবহারের সুযোগ রয়েছে। কৃষি, পানি, জ্বালানি, পরিবহন ও শিল্প খাতে জলবায়ু সহনশীলতা বাড়াতে এসব অর্থায়ন ভূমিকা রাখবে।
অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পর্কে সিআইএফ প্রতিনিধিরা জানান, বাংলাদেশের জাতীয় অগ্রাধিকার এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ খাতগুলোর চাহিদা বিবেচনায় একটি দেশীয় নেতৃত্বাধীন বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন করা হবে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় পরিকল্পনাটি তৈরি করা হবে। এর মাধ্যমে অর্থায়ন বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
বৈঠকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকি ও অবকাঠামোগত চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি বলেন, উপকূলীয় এলাকায় ১০ থেকে ১৫ বছর আগে নির্মিত অনেক ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র লবণাক্ততার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি নিরাপদ পানীয় জলের সংকট উপকূলীয় জনগোষ্ঠীর জীবনযাত্রাকে কঠিন করে তুলছে।
তিনি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলোকে বহুমুখী ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। যাতে দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের পাশাপাশি বছরের অন্যান্য সময়ে এসব স্থাপনায় শিক্ষা ও জীবিকাভিত্তিক কার্যক্রম পরিচালনা করা যায়।
এ ছাড়া আশ্রয়কেন্দ্রের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়।
বনায়ন ও উপকূলীয় সুরক্ষা কার্যক্রমের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে প্রতি সপ্তাহে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ করছেন। এ কর্মসূচিতে মোট বৃক্ষরোপণের ৩৫ থেকে ৪০ শতাংশ ম্যানগ্রোভ প্রজাতির গাছ রাখার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কার্বন সংরক্ষণ, উপকূলীয় সুরক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুযোগ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
বৈঠকে বাংলাদেশের পাইলট প্রোগ্রাম ফর ক্লাইমেট রেজিলিয়েন্স (পিপিসিআর) কর্মসূচির অগ্রগতি নিয়েও আলোচনা হয়। সিআইএফ প্রতিনিধিরা জানান, ২০০৮ সালে শুরু হওয়া এ কর্মসূচির পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে মূল্যায়ন পর্যন্ত পূর্ণাঙ্গ অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের।
পিপিসিআরের বিনিয়োগ পরিকল্পনার সমাপনী কার্যক্রম সম্পন্ন করতে সিআইএফের ফলাফল মূল্যায়ন, গভর্ন্যান্স ও যোগাযোগবিষয়ক প্রতিনিধিদল ২০২৭ সালের জানুয়ারিতে ঢাকা সফর করবে।
এ ছাড়া ২০২৭ সালের এপ্রিলে, সম্ভাব্য ২৪ এপ্রিল বাংলাদেশে সিআইএফের গভর্ন্যান্স সভা আয়োজনের বিষয়ে বাংলাদেশ সরকার সম্মতি দিয়েছে। সভায় সিআইএফের বোর্ড সদস্য, পর্যবেক্ষক এবং উন্নয়ন ব্যাংকগুলোর প্রতিনিধিরা অংশ নেবেন।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, কার্যকর জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং অগ্রাধিকারভিত্তিক প্রকল্প বাস্তবায়নে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়। একই সঙ্গে ভবিষ্যতে অংশীদারত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
বিভি/এনএম/পিএইচ













মন্তব্য করুন: