বিদেশেও যাত্রা শুরু ইনভেস্ট বাংলাদেশের, প্রথম কার্যালয় খুললো চীনে
চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে চীনে প্রথমবারের মতো বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে ইনভেস্ট বাংলাদেশ। চীনের শিল্প ও উৎপাদন খাতের অন্যতম প্রধান কেন্দ্র গুয়াংজুতে স্থাপিত এ কার্যালয় থেকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীনা উদ্যোক্তাদের প্রয়োজনীয় তথ্য, আইনি ও বিধিবিধানসংক্রান্ত পরামর্শ এবং সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সহায়তা দেওয়া হবে।
রবিবার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইনভেস্ট বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশি বিনিয়োগের সম্ভাবনাময় বাজারগুলোতে নিজেদের কার্যক্রম ও উপস্থিতি বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে চীনে এ কার্যালয় চালু করা হয়েছে। চলতি বছরের মার্চে ঘোষিত ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনাতেও চীনে প্রতিনিধি কার্যালয় স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। গুয়াংজু কার্যালয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারেও পর্যায়ক্রমে এ ধরনের কার্যালয় চালুর পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
ইনভেস্ট বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান রচি বলেন, সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং বিনিয়োগ পরিকল্পনার প্রাথমিক পর্যায় থেকেই প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্য নিয়ে এ কার্যালয় চালু করা হয়েছে। গুয়াংজুর শক্তিশালী শিল্পভিত্তি ও বিস্তৃত উৎপাদন খাতের কারণে শহরটিকে প্রতিনিধি কার্যালয়ের জন্য বেছে নেওয়া হয়েছে।
গুয়াংজুর নতুন কার্যালয়ে চিফ রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন মে ঝৌ। আর রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট অ্যানালিস্ট হিসেবে থাকবেন ইয়াং ওয়েনচুয়াং। বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় দুজনেরই ১০ বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে।
চীনা বিনিয়োগ আকর্ষণে এরই মধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ইনভেস্ট বাংলাদেশ। বিনিয়োগ রোডশো, ব্যবসায়িক ফোরাম আয়োজন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে দেশটির উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করছে সংস্থাটি।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) জরিপ অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে নিট বিদেশি বিনিয়োগের দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল চীন। ওই বছর দেশটি থেকে বাংলাদেশে নিট এফডিআই এসেছে ৩২ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের মোট নিট বিদেশি বিনিয়োগের ১৮ দশমিক ১৩ শতাংশ।
নতুন প্রতিনিধি কার্যালয়ের মাধ্যমে চীনের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরির আশা করছে ইনভেস্ট বাংলাদেশ।
বিভি/এজেড













মন্তব্য করুন: