মজুরি বোর্ডের আজকের সভা স্থগিত
ফাইল ছবি
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে সভাটি হওয়ার কথা থাকলেও বোর্ডের এক স্থায়ী সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তা স্থগিত করা হয়। সভার নতুন তারিখ পরে জানানো হবে। এদিন সকালে বোর্ড সচিব রাইসা আফরোজ এক নোটিশে এ সিদ্ধান্তের কথা জানান।
নোটিশে বলা হয়, সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে অনুষ্ঠেয় মজুরি বোর্ডের তৃতীয় সভা ‘অনিবার্য কারণবশত’ স্থগিত করা হলো। শিগগিরই সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী গণমাধ্যমকে বলেন, ‘আমাদের একজন স্থায়ী বোর্ড সদস্য হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে ছাড়া বোর্ডের সভা করা ঠিক হবে না। সে কারণে সভা স্থগিত করা হয়েছে। শিগগিরই পরবর্তী বৈঠকের তারিখ জানিয়ে দেওয়া হবে।’ এদিনের সভায় মালিকপক্ষের নতুন মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়ার কথা ছিল।
উল্লেখ্য, এর আগে গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সেই অনুযায়ী সোমবারের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে জানিয়েছিল তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য নতুন বোর্ড গঠন করে সরকার। এরপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে। পরে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেন।
বিভি/অনলাইন/পিএইচ













মন্তব্য করুন: