একই সাথে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি
দুই সেনা কর্মকর্তা ব্রি. জে. এস এম জাকারিয়া ও তার স্ত্রী লে. কর্নেল ফাতিমা জোহরা
বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন ও তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গত ১২ নভেম্বর সেনাসদরের সামরিক সচিবের শাখা থেকে তাদের বিষয়ে পৃথক দুটি আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর মধ্য দিয়ে সেনাবাহিনীতে তাদের চাকরির অবসান ঘটবে।
সেনা আইনের ১৬ ধারার আওতায় তাদের বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। এতে সেনা আইনের ৯(ক) বিধি এবং সেনা প্রবিধানের ৭৮(গ), ২৫৩(ক), ২৬১ ও ২৬৯(ক) ধারার উল্লেখ রয়েছে। আদেশের শিরোনামে ‘অবসর আদেশ’ লেখা থাকলেও চাকরি থেকে বিদায়ের ধরন হিসেবে স্পষ্টভাবে ‘বরখাস্ত’ উল্লেখ করা হয়েছে। আদেশ দুটির ভিত্তি হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১১ নভেম্বরের একটি প্রজ্ঞাপনের কথা বলা হয়েছে।
সেনা আইন, ১৯৫২-এর ১৬ ধারা অনুযায়ী, সরকার এই আইনের আওতাভুক্ত কোনো ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করতে পারে। এ ছাড়া সেনাবাহিনীর প্রবিধানেও কোর্ট মার্শালের রায় ছাড়াই প্রশাসনিক প্রক্রিয়ায় চাকরির অবসানের বিধান রয়েছে। তবে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে সামরিক কিংবা বেসামরিক আদালতে কোনো ফৌজদারি মামলা করা হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বরখাস্তের প্রথম আদেশে বিএ-৪৬৩৮ নম্বরধারী ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনের নাম রয়েছে। তিনি সেনাসদরের এম অ্যান্ড কিউ পরিদপ্তরে সংযুক্ত ছিলেন। তার অধীনে কোনো অপারেশনাল কমান্ডের দায়িত্ব ছিল না।
অন্য আদেশে বিএ-৬৯৭২ নম্বরধারী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমের নাম উল্লেখ করা হয়েছে। তিনি কোর অব ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সের কর্মকর্তা। কর্মরত ছিলেন সেনা কল্যাণ সংস্থায়।
এস এম জাকারিয়া হোসেন বাংলাদেশ মিলিটারি একাডেমির ২৯তম দীর্ঘমেয়াদি কোর্সের কর্মকর্তা। ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় তিনি ১৪ স্বতন্ত্র প্রকৌশলী ব্রিগেডের নেতৃত্বে ছিলেন। ঢাকা সেনানিবাসে অবস্থিত এই ব্রিগেড সরাসরি সেনাসদরের অধীনে পরিচালিত হতো।
ওই বছরের ১৯ জুলাই তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশজুড়ে কারফিউ জারি করে। আন্দোলন দমনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিভিন্ন স্থানে সেনাবাহিনী মোতায়েন করা হয়। জুলাই আন্দোলনের সেই সময়ে ১৪ স্বতন্ত্র প্রকৌশলী ব্রিগেডের দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: