সংসদ ভবনের সব বাতি সেন্সরের আওতায় আনার নির্দেশ, বসবে পৃথক সাব-মিটার
ফাইল ছবি
বিদ্যুতের অপচয় কমাতে আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাতীয় সংসদ ভবনের সব লাইট ও বাতি সেন্সরের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে সংসদ ভবনে সোনালী ব্যাংকের শাখায় পৃথক সাব-মিটার স্থাপন ও চালু করতে গণপূর্ত অধিদপ্তরকে বলা হয়েছে। বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলডি হলেও পৃথক সাব-মিটার বসানোর সিদ্ধান্ত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিদ্যুৎ সাশ্রয়, সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নে গঠিত কমিটির তৃতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় সংসদ সচিবালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়ে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মাধ্যমে একটি ত্রিমাত্রিক উপস্থাপনা দেখানো হয়। এতে সংসদ সচিবালয়ের বিদ্যুতের চাহিদা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যক্রম এবং সোলার প্যানেল স্থাপনের উপযোগী অব্যবহৃত জায়গা নিয়ে আলোচনা হয়। বিদ্যুতের চাহিদা ও কারিগরি সক্ষমতা বিবেচনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থার উপযুক্ত সক্ষমতা নির্ধারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এদিকে সংসদ ভবন এলাকার প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের জন্য বরাদ্দ করা ফারহান ফাইয়াজ খেলার মাঠের ব্যবস্থাপনা ও পরিচালনা নিয়ে যাচাইয়ের সিদ্ধান্ত হয়েছে। মাঠটির বরাদ্দ, চুক্তি এবং এ-সংক্রান্ত ১৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ের বিষয় পর্যালোচনায় একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।
সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন ও মারদিয়া মমতাজকে নিয়ে গঠিত এ সাব-কমিটিতে জাতীয় সংসদ সচিবালয়, গণপূর্ত অধিদপ্তর, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন। আগামী সভায় কমিটিকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সভায় গণপূর্ত অধিদপ্তরের পিডব্লিউডি স্পোর্টস ক্লাব ফিলিং স্টেশনের ব্যবহার ও পরিচালনা নিয়েও আলোচনা হয়। পার্লামেন্ট মেম্বার ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট ইজারাদাতা ও ইজারাগ্রহীতার চুক্তি পুনর্বিবেচনার বিষয়ে আপত্তি জানায় কমিটি। একই সঙ্গে চুক্তিসহ পুরো বিষয়টি দ্রুত জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করার সিদ্ধান্ত হয়।
অন্যদিকে, ডিপিডিসির মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর জন্য তৈরি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ও কারিগরি সমীক্ষা কমিটির কাছে সন্তোষজনক মনে হয়নি। এ কারণে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন করে জরিপ করে প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ওই প্রতিবেদন আগামী ১৮ ডিসেম্বর কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করতে হবে।
সভায় কমিটির সদস্য ও সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম ও মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ডিপিডিসি ও গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধি এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
বিভি/এজেড













মন্তব্য করুন: