• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত, স্পষ্ট জানালেন শামা ওবায়েদ

প্রকাশিত: ১৯:৪৭, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১৯:৪৯, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত, স্পষ্ট জানালেন শামা ওবায়েদ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শর্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে এ বিষয়ে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত জানালে বাংলাদেশ সরকার তা বিবেচনা করবে বলে জানান তিনি।

সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি। তবে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দিলে সরকার তা বিবেচনা করবে। এর বাইরে কে কোথায় কী প্রতিবেদন প্রকাশ করছে, তা দেখার সময় সরকারের নেই। বিষয়টি সরকারের বিবেচনার বিষয়ও নয়।

সাজাপ্রাপ্ত মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা বর্তমানে বিদেশে অবস্থান করছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তিনি কীভাবে দেশে ফিরবেন, তা আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো আসামির মতোই তিনি দেশে ফিরবেন এবং সাজা ভোগ করবেন বলে সরকার মনে করে।

তিনি বলেন, ভারত যদি এ বিষয়ে ইতিবাচক সাড়া দেয়, তাহলে বাংলাদেশের জনগণ ও সরকারের জন্য বিষয়টি সহজ হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন।

বাংলাদেশ-ভারত সম্পর্কের গুরুত্ব তুলে ধরে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা ইস্যুর চেয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বড়। মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের সূচনা। এই সম্পর্ক কোনো একটি বিষয়কে কেন্দ্র করে সীমাবদ্ধ নয়। দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত ইস্যু রয়েছে, যেগুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এখনো দলটি জ্বালাও-পোড়াওসহ বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে। একটি সন্ত্রাসী দল অন্য দেশে অবস্থান করে এসব কর্মকাণ্ড পরিচালনা করলে বাংলাদেশের সরকার হিসেবে বিষয়টি মোকাবিলা করা প্রয়োজন।

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ সংলাপ নিয়ে গণমাধ্যমে ভুল তথ্য প্রকাশিত হয়েছে। বিষয়টি সচিব পর্যায়ে অনুষ্ঠিত হওয়ার কথা। দুই পক্ষই আলোচনা করে জানিয়েছে, সংলাপটি কিছুদিন পর অনুষ্ঠিত হলে ভালো হবে।

প্রসঙ্গত, সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্তের কথা উল্লেখ করা হয়। গত ১২ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়, নয়াদিল্লির কর্মকর্তারা শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে দুটি শর্তের আভাস দিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম শর্তে বলা হয়েছে, শেখ হাসিনা যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক উড়োজাহাজে ভারতে গিয়েছিলেন, তাই তাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে।

দ্বিতীয় শর্ত হিসেবে প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, শেখ হাসিনা যেন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু হয়, সে বিষয়ে বাংলাদেশ সরকারকে নিশ্চয়তা দিতে হবে। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, ভারত সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক শর্ত এখনো জানানো হয়নি।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত