বাড়ছে পর্যটকদের ভিড়
শীতের আগমনে অতিথি পাখির কলকাকলিতে মুখর চর বিজয়
প্রকৃতিতে শীতের আগমনী বার্তা ছড়িয়ে পড়তেই আসতে শুরু করেছে অতিথি পাখি। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা চর বিজয় এখন নানা প্রজাতির পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর। নীল জলরাশি, বিস্তীর্ণ বালুচর আর লাল কাঁকড়ার অবাধ বিচরণের সঙ্গে অতিথি পাখির উপস্থিতিতে দ্বীপটি যেন পরিণত হয়েছে প্রকৃতির এক অপরূপ নৈসর্গিক আশ্রয়স্থলে। মানুষের বিচরণ তুলনামূলক কম থাকায় নিরাপদ আবাসস্থল হিসেবে দ্বীপটিকে বেছে নিচ্ছে এসব পাখি। আর পাখির এমন সমারোহ দেখতে প্রতিদিনই ছুটে যাচ্ছেন প্রকৃতিপ্রেমী ও পর্যটকেরা।
শীতের শুরুতে চর বিজয়ে দেখা মিলছে নানা প্রজাতির রং-বেরঙের পাখির। কোনোটি দল বেঁধে আকাশে উড়ছে, কোনোটি সমুদ্রের পানিতে ডুব দিয়ে খাবার সংগ্রহ করছে। আবার কোনো পাখি বালুচরে বিচরণ করছে, কেউবা বিশ্রাম নিচ্ছে জেগে ওঠা চরে। পাখির কিচিরমিচির আর জলকেলিতে মুখর হয়ে উঠেছে পুরো দ্বীপ। পাশাপাশি লাল কাঁকড়ার ছোটাছুটিও বাড়িয়েছে এর প্রাকৃতিক সৌন্দর্য।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন আব কুয়াকাটা টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, প্রায় পাঁচ হাজার একর আয়তনের চর বিজয় বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা একটি দ্বীপ।
কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে এর অবস্থান। প্রতি বছর নভেম্বরের শুরু থেকে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি এখানে আসতে শুরু করে। এসব পাখি মার্চ মাস পর্যন্ত দ্বীপটিতে অবস্থান করে। সুদূর সাইবেরিয়াসহ বিভিন্ন শীতপ্রধান অঞ্চল থেকে আসা পাখিদের উপস্থিতিতে শীত মৌসুমে চর বিজয় হয়ে ওঠে পাখির অভয়ারণ্যের মতো।

এবারও নভেম্বরের মাঝামাঝি থেকে দ্বীপটিতে পাখির আনাগোনা বাড়তে শুরু করেছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির গাঙচিল, পানচিল, ধূসর মাথা টিটি, খুন্তে হাঁস, সিথি হাঁস, খয়রা চখাচখি, ছোট পানকৌড়ি, বড় বগা, ছোট বগা, ধূসর বগা, পাতি হাঁস, কালো মাথা গাঙচিল, শামুকখোল, সরালি, বড় সরালি, চখাচখি, জলমোরগ, পাতি বাটান, চেগা, হটটিটি, গাঙকবুতরসহ নানা প্রজাতির জলচর পাখি।
চর বিজয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে দ্বীপটি। পর্যটকদের মতে, পরিকল্পিত উদ্যোগ, সঠিক ব্যবস্থাপনা ও নিয়মিত তদারকি নিশ্চিত করা গেলে চর বিজয় হতে পারে কুয়াকাটার পর্যটনশিল্পের নতুন আকর্ষণ। একই সঙ্গে পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণ করা গেলে দ্বীপটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) এর সদস্যসচিব আসাদুজ্জামান মিরাজ জানান,গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের কাছে দ্বীপটি হাইরের চর নামে পরিচিত। তবে পর্যটন সম্ভাবনা সামনে রেখে এর নামকরণ করা হয়েছে চর বিজয়। ২০১৭ সাল থেকে দ্বীপটি পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠতে শুরু করে। ইতোমধ্যে বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সেখানে বেশ কিছু ম্যানগ্রোভ প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। এসব গাছ বড় হয়ে উঠলে পাখিদের নিরাপদ আশ্রয়স্থল তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ঢাকা আফতাব নগর থেকে আসা পর্যটক দম্পতি
সাদিয়া আক্তার ও আবির বলেন,কুয়াকাটায় এবারই প্রথম এসেছি। তবে সমুদ্রের বুকে এমন একটি দ্বীপ রয়েছে, সে সম্পর্কে আগে কোনো ধারণা ছিল না। চর বিজয়ে এসে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, অতিথি পাখি ও লাল কাঁকড়া দেখে মুগ্ধ হয়েছি। দ্বীপটির পর্যটন সম্ভাবনা অনেক।
খুলনা থেকে আসা পর্যটক ইঞ্জিনিয়ার অনিমেষ বলেন,বিশাল সমুদ্রের মাঝখানে এমন একটি দ্বীপ সত্যিই অসাধারণ। এখানে বিপুলসংখ্যক অতিথি পাখি ও লাল কাঁকড়ার বিচরণ চোখে পড়ার মতো। তবে পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে দ্বীপটিতে আরও বেশি গাছ লাগানো প্রয়োজন।
ট্যুরিস্ট বোট মালিক সমিতির সভাপতি কে এম বাচ্চু বলেন,কুয়াকাটা থেকে পর্যটকবাহী বোটে চর বিজয়ে যেতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। যাত্রাপথে পর্যটকেরা উপভোগ করতে পারেন বঙ্গোপসাগরের বিশাল জলরাশি ও মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। দ্বীপের কাছাকাছি পৌঁছালেই চোখে পড়ে নানা প্রজাতির পাখি। স্বচ্ছ পানিতে সামুদ্রিক মাছের ছোটাছুটিও পর্যটকদের বাড়তি আনন্দ দেয়। তবে দ্বীপে কোনো দোকানপাট নেই। তাই পর্যটকদের খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে যেতে হয়। সকালে গিয়ে বিকেলের মধ্যেই ফিরে আসতে হয়।
ট্যুর গাইড অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক শামীম রেজা বলেন,শীতের শুরুতেই চর বিজয়ে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি আসতে শুরু করেছে। এ সময় দ্বীপটি লক্ষাধিক পাখির কলকাকলিতে মুখর হয়ে ওঠে। পর্যটকদের কাছেও দ্বীপটির জনপ্রিয়তা বাড়ছে। বর্ষা মৌসুমে প্রায় ছয় মাস চরটি হাঁটুপানির নিচে থাকে। শীতকালে পানি নেমে গেলে বিস্তীর্ণ বালুচর জেগে ওঠে। এ সময় কিছু জেলে সেখানে অস্থায়ীভাবে বসবাস করে মাছ শিকার করেন।
জেলেরা জানান, নভেম্বর মাস থেকে চর বিজয়ে পাখির সংখ্যা বাড়তে থাকে। প্রতিদিনই নতুন নতুন পাখির আগমন ঘটে। পাখির কলকাকলি ও বিচরণে দ্বীপটির পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত।
মহিপুর রেঞ্জ কর্মকর্তা এ কে এম মনিরুজ্জামান বলেন, চর বিজয়ে আগে রোপণ করা গাছগুলো এখন দৃশ্যমান হচ্ছে। সুফল প্রকল্পের আওতায় সেখানে বনায়ন কার্যক্রম চলমান রয়েছে। পরিকল্পিতভাবে বনায়ন সম্পন্ন করা গেলে দ্বীপটি অতিথি পাখির নিরাপদ অভয়াশ্রম হিসেবে গড়ে উঠবে।
অতিথি পাখি শিকার ও বিরক্ত করা থেকে বিরত রাখতে স্থানীয় পরিবেশবাদী সংগঠন এবং বন বিভাগ কাজ করছে। সংশ্লিষ্টদের মতে, দ্বীপটির জীববৈচিত্র্য রক্ষা, পাখির নিরাপদ বিচরণ নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য বজায় রেখে পর্যটন ব্যবস্থাপনা গড়ে তোলা গেলে চর বিজয় কুয়াকাটার পর্যটনশিল্পে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
বিভি/এআই













মন্তব্য করুন: