শিশু রামিসা ধর্ষণ-হত্যা: সোহেলের স্ত্রী স্বপ্না খালাস
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটে দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের রায় পড়া শুরু করেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী।
সোমবার দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। পরদিনই ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেলকে পাঁচ লাখ এবং স্বপ্নাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। অন্যদিকে, দণ্ডের বিরুদ্ধে দুই আসামি জেল আপিল করেন। এসব আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে আজ রায় দিলেন হাইকোর্ট।
বিভি/এজেড













মন্তব্য করুন: