• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

দেশের প্রথম অ্যাগ্রোইকোফিজিওলজি ল্যাবরেটরির উদ্বোধন

প্রকাশিত: ২০:৩৪, ১১ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
দেশের প্রথম অ্যাগ্রোইকোফিজিওলজি ল্যাবরেটরির উদ্বোধন

উদ্বোধন হলো দেশের প্রথম অ্যাগ্রোইকোফিজিওলজি ল্যাবরেটরির। ল্যাবটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মাটির স্বাস্থ্য উন্নত করে টেকসই কৃষি ব্যবস্থা স্থাপনের মাধ্যমে  নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্য উৎপাদনে অবদান রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।  

রবিবার (১১ জানুয়ারি) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডা. কাজী এম বদরুদুজ্জা রিসার্স সেন্টারে ল্যাবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সেলর প্রফেসর ড. মো আব্দুল লতিফ। 

পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক সহায়তায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল বোটানি বিভাগে ল্যাবটি স্থাপন করে ওয়েভ ফাউন্ডেশন।  পিকেএসফ-এর রুরাল মাইক্রাে-এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্টরে আওতায় এটি স্থাপন করা হয়েছে। ল্যাবটির সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রফেসর ড. মুহাম্মদ মাহবুব ইসলাম এবং প্রফেসর ড. এ কে এম রুহুল আমীন।

ড. মো. মাহবুব ইসলাম বলেন, এই ল্যাবে মাইক্রোব্যালেন্স, প্ল্যান্ট অ্যান্ড সয়েল ডাইজেশন সিসটেম, ফ্ল্যাম ফটোমিটার, প্ল্যান্ট ওভেন, কন্ডাক্টিভিটি মিটার স্থাপন করা হয়েছে। এসব যন্ত্রপাতির মাধ্যমে মাটি ও উদ্ভিদের বিভিন্ন পুষ্টি ও ক্ষতিক্ষারক উপাদনের মাত্রা নির্ণয় করা হয়।একই সঙ্গে  প্রতিকূল পরিবেশে উদ্ভিদের সংবেদনশীলতা যাচাইসহ আধুনিক স্মার্ট কৃষি প্রযুক্তি প্রয়োগ (যেমন; মাটিতে জৈব-উপাদান)সহ ন্যানো প্রযুক্তি প্রয়োগ করে মাটির স্বাস্থ্য উন্নয়ন করা; যাতে ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, একই সঙ্গে নিরাপদ ও পুষ্টিমান নিশ্চিত হয়। এমএস ও পিএইচডি কোর্সের শিক্ষার্থীরা ল্যাবটিকে তাদের গবেষণা কাজে ব্যবহার করছেন। বাংলাদেশে এটিই প্রথম অ্যাগ্রোইকোফিজিওলজি ল্যাবরেটরি ল্যাব।  

এমন একটি কার্যকরী ল্যাব স্থাপনে সহায়তার জন্য পিকেএসএফ এবং ওয়েভ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চেন্সেলর প্রফেসর ড. মো আব্দুল লতিফ। তিনি বলেন, কৃষিখাতে ক্রমাগত পরিবর্তন চলছে। সেই পরিবর্তনে আমাদেরও সামিল হতে হবে। এ জন্য আমাদের প্রয়োজন গবেষণা। গবেষণা ছাড়া সেই পরিবর্তনে শামিল হওয়া যাবে না। ল্যাবটি কৃষি সংশ্লিষ্ট গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

বিশেষ অতিথির বক্তব্যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ড. আকন্দ মো. রফিকুল ইসলাম বলেন, বিশ্বের সব দেশে গবেষণায় বরাদ্দ থাকে বেশি কিন্তু আমাদের দেশে সেই চিত্র উল্টো। তারপরও নানা সীমাবদ্ধতার মধ্যেও পিকেএসএফ চায় দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে যেন গবেষণা কার্যক্রম থেমে না থাকে। এ জন্য সাধ্যের মধ্যে সব সব ধরনের সহযোগিতা করে।

সভাপতির বক্তব্যে ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসীন আলী বলেন, অ্যাগ্রোইকোলজি বা পরিবেশ সম্মত কৃষিকে প্রাধান্য দিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ওয়েভ। এরই মধ্যে গো-গ্রিন সেন্টার স্থাপন করা হয়েছে। যেখানে এগ্রোইকোলজি এবং টুরিজ্যমকে প্রাধান্য দেওয়া হয়েছে।  

উদ্বোধনী অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. বেলাল হোসেন, ট্রেজারার প্রফেসর মো. আবুল বাশার, ডিন (পোস্ট গ্রাজুয়েট) ড. সালাউদ্দিন মো. চৌধুরী, ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক নির্মল দাস, পরিচালক (পরিকল্পনা উন্নয়ন) প্রফেসর ড. মো. সরওয়ার হোসেন, গবেষণা পরিচালক ড. এফএম আমিনুরজ্জমান প্রমুখ।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত