• NEWS PORTAL

  • বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

নবাবগঞ্জে কৃষকের মাথায় হাত, বাঙ্গির বাজারে ধস!

আব্দুল গনি, কেরানীগঞ্জ, ঢাকা

প্রকাশিত: ১৮:১৮, ৮ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
নবাবগঞ্জে কৃষকের মাথায় হাত, বাঙ্গির বাজারে ধস!

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাল ইউনিয়নের ভাঙ্গা ভিটা, বাঙ্গি চাষের জন্য বেশ পরিচিত এক জনপদ। এই এলাকার প্রায় ৯০ শতাংশ কৃষক মৌসুমজুড়ে বাঙ্গি চাষের ওপর নির্ভরশীল। তবে, এবারের বাম্পার ফলনের মাঝেও কৃষকদের মুখে হাসি নেই। বিরূপ আবহাওয়া, শিলাবৃষ্টি এবং ঈদের ছুটির কারণে বাজারে বাঙ্গির দাম ব্যাপকভাবে ধসেছে। রমজানের শুরুতে ভালো দাম পাওয়া গেলেও ঈদের পর চাহিদা কমে গেছে।

একসময় প্রতি ঝাকায় ৫০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হওয়া বাঙ্গির দাম এখন নেমে এসেছে ১৫০ থেকে ২০০ টাকায়। এতে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন চাষিরা।

সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই ব্রিজের ওপর বসা বাঙ্গির হাটে সারি সারি ঝাকা সাজিয়ে কৃষকরা বসে আছেন। ক্রেতা কম, বিক্রি নেই, অনেকেই মাথায় হাত দিয়ে বসে রয়েছেন।

কৃষকদের অভিযোগ, শিলাবৃষ্টি ও ভাইরাসের কারণে অনেক বাঙ্গি নষ্ট হচ্ছে। এছাড়া যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার কারণে পাইকাররা সময়মতো হাটে পৌঁছাতে পারছেন না।

উপজেলা প্রশাসন জানিয়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে এই সংকট অনেকটাই কমানো সম্ভব। কৃষি বিভাগও জানিয়েছে, নবাবগঞ্জের বাঙ্গি চাষ শত বছরের ঐতিহ্য বহন করছে। তবে এবারের আবহাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বাম্পার ফলন থাকলেও বাজারে ধসের কারণে নবাবগঞ্জের বাঙ্গি চাষীরা দ্বিমুখী সংকটে পড়েছেন। দ্রুত ব্যবস্থা না নিলে এই রসালো বাঙ্গিই কৃষকদের জন্য তিক্ত অভিজ্ঞতায় পরিণত হতে পারে—এমনটাই জানিয়েছেন চাষিরা।

 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: