• NEWS PORTAL

  • সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬

সাতক্ষীরা রেঞ্জ থেকে ৭ হাজার ৫০০ কেজি শামুক ও ঝিনুক জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:৩৪, ২ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
সাতক্ষীরা রেঞ্জ থেকে ৭ হাজার ৫০০ কেজি শামুক ও ঝিনুক জব্দ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে অবৈধভাবে আহরণ করা সাত হাজার ৫০০ কেজি শামুক ও ঝিনুক জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। এসময় শামুক ও ঝিনুক বহনকৃত একটি ট্রাকও জব্দ করা হয়। রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ক্লিনিক মোড় থেকে থানা পুলিশের সহযোগিতায় ট্রাকভর্তি ২১৩ বস্তা শামুক ও ঝিনুক জব্দ করা হয়। জব্দকৃত শামুক ও ঝিনুক আজ (সোমবার) সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, একটি পাচারকারী চক্র সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে অবৈধভাবে শামুক ও ঝিনুক আহরণের পর তা ট্রাকভর্তি করে রাজধানী ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগিতায় বনবিভাগের সদস্যরা রবিবার রাতে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ক্লিনিক মোড় এলাকায় অভিযান চালায়। এসময় সেখান থেকে ট্রাকভর্তি বিপুল পরিমাণ শামুক ও ঝিনুক জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। 

সোমবার (২ ফেব্রুয়ারি) জব্দকৃত শামুক ও ঝিনুক গুলো সুন্দবনের নদীতে অবমুক্ত করা হয়েছে। অবমুক্ত করার সময় এসময় সেখানে উপস্থিত ছিলেন, সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জার ফজলুল হক, বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার জিয়াউর রহমান, কদমতলা স্টেশন অফিসার মনিরুল ইসলাম প্রমুখ।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,  সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় শামুক ও ঝিনুক আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবৈধভাবে শামুক-ঝিনুক সংগ্রহ ও পাচারের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। 

বিভি/এসজি

মন্তব্য করুন: