• NEWS PORTAL

  • শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

অপরিশোধিত বর্জ্যে বিপন্ন হচ্ছে শীতলক্ষ্যা

প্রকাশিত: ১৫:৩৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
অপরিশোধিত বর্জ্যে বিপন্ন হচ্ছে শীতলক্ষ্যা

দূর থেকেই চোখে পড়ে কালচে হয়ে যাওয়া পানি, ভাসমান ময়লা আর পলিথিনে ঢাকা শীতলক্ষ্যা। বাতাসে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ, আর কোথাও কোথাও পানির ওপর ভেসে উঠছে মৃত মাছ। একসময় যে নদী ছিলো জীবন-জীবিকার প্রধান ভরসা সেই শীতলক্ষ্যা শিল্পবর্জ্যের বিষাক্ত আগ্রাসনে ধীরে ধীরে প্রাণ হারাচ্ছে।

এই করুণ চিত্র নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশের শীতলক্ষ্যা নদীর। এশিয়ান হাইওয়ে সংলগ্ন এলাকায় নদীর দুই তীরে গড়ে উঠেছে অসংখ্য শিল্পকারখানা। অভিযোগ রয়েছে, এসব কারখানা থেকে অপরিশোধিত বর্জ্য সরাসরি নদীতে ফেলায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক প্রবাহ। পাশাপাশি ভয়াবহভাবে দূষিত হয়ে পড়ছে নদীর পানি, বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যের ঝুঁকি।

দূষণের ভয়াবহ প্রভাবে শীতলক্ষ্যা নদীর পানি এখন ব্যবহার অনুপযোগী। নদীপাড়ের মানুষ ভুগছেন চর্মরোগসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে। একসময় এই নদীকে  কেন্দ্র করেই চলতো বহু পরিবারের জীবন ও জীবিকা। কিন্তু দূষণের কারণে আজ  সেই জীবনযাত্রা চরমভাবে বিপন্ন।

রূপগঞ্জ এলাকায় এক লাখের বেশি শিল্পকারখানা রয়েছে। অনেক কারখানায় ইটিপি না থাকায় বর্জ্য সরাসরি নদীতে  ফেলা হচ্ছে। এর ফলে শীতলক্ষ্যা নদী এখন মৃতপ্রায়। তবে, নদী রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। আসন্ন নির্বাচন শেষে এ নদী রক্ষায় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

স্থানীয়দের আশঙ্কা, কার্যকর পদক্ষেপ না নিলে অচিরেই এই নদী শুধু মানচিত্রেই টিকে থাকবে—বাস্তবে পরিণত হবে এক মৃত জলধারায়।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: