• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬

মিয়ানমার থেকে এলো ৫ লাখ পিস ইয়াবা, নৌবাহিনীর হাতে ধরা

প্রকাশিত: ১৮:২০, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মিয়ানমার থেকে এলো ৫ লাখ পিস ইয়াবা, নৌবাহিনীর হাতে ধরা

নাফ নদী ব্যবহার করে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের আগেই ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। টেকনাফে নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৫ লাখ পিস ইয়াবা জব্দ করে। সোমবার (৯ ফেব্রুয়ারি) আইএসপিআর ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, নৌবাহিনী কন্টিনজেন্ট গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র নাফ নদী ব্যবহার করে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছে। মাদকের চালানটি হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া ব্রিজ এলাকা দিয়ে উলুচামারীর দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা রয়েছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের নাটমুড়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে।

অপরদিকে, মাদক কারবারিরা পূর্বনির্ধারিত রুট পরিবর্তন করে চৌধুরীপাড়া খালের দক্ষিণ পাশ দিয়ে বস্তাভর্তি মাদক বহন করে অগ্রসর হতে থাকে। এমতাবস্থায়, নৌবাহিনীর আভিযানিক দল তাৎক্ষণিকভাবে অবস্থান পরিবর্তন করে খালের উত্তর পাশ থেকে ধাওয়া করে মাদকভর্তি বস্তা আটক করে।

এসময় নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে জব্দকৃত বস্তাসমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতিতে তল্লাশি করে মোট ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা। উদ্ধারকৃত ইয়াবাসমূহের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: