পাবনা
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০
পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।
ওসি মুস্তাফিজার রহমান জানান, সকালে যাত্রীবাহী শাহজাদপুর ট্রাভেলস বাসটি পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।
আহতদের উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে পাঠান। তাদের মধ্যে একজনকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত দুইজনের মধ্যে একজন শাহজাদপুর ট্রাভেলসের চালক এবং অপরজন মাছরাঙা পরিবহনের হেলপার। গুরুতর আহত ৮ থেকে ১০ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: