ভোটকেন্দ্রেই কন্যা সন্তানের জন্ম দিলেন মা
ফাইল ছবি
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোট দিতে এসে ভোটকেন্দ্রেই সন্তান প্রসব করেছেন এক নারী ভোটার। সদ্য প্রসূতি ওই মায়ের নাম আম্বিয়া খাতুন (৩০)। তিনি ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
আম্বিয়া খাতুন উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী। প্রসূতি মা ও নবজাতক কন্যা শিশু দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাংসারিক প্রয়োজনীয় কাজ শেষ করে সন্তানসম্ভবা আম্বিয়া খাতুন বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান। নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান শেষে তীব্র প্রসববেদনা অনুভব করেন।
উপস্থিত নারী ভোটাররা তাকে ঐ কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যান। সেখানে আম্বিয়া খাতুন এক ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেন। এ খবরে উপস্থিত ভোটাররা আনন্দ-উল্লাস প্রকাশ করেন এবং এ খবর এক অভুতপুর্ব ঘটনা হিসাবে বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়।
খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে প্রসূতি মা ও শিশুকে তার স্বজনেরা বাড়ি নিয়ে গেছে বলে উপস্থিত ভোটাররা জানান।
বিভি/এআই



মন্তব্য করুন: