• NEWS PORTAL

  • বুধবার, ০৪ মার্চ ২০২৬

পার্বত্য চট্টগ্রামে দুর্নীতির ক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবে না: দীপেন দেওয়ান

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৩, ৪ মার্চ ২০২৬

আপডেট: ১৩:৫৬, ৪ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
পার্বত্য চট্টগ্রামে দুর্নীতির ক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবে না: দীপেন দেওয়ান

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামে দুর্নীতির ক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হবে। এই ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। কারণ, সাংবাদিকরা সমাজের দর্পণ, তারা সমাজের সমস্যা এবং সম্ভাবনা চিহ্নিত করার মাধ্যমে দেশের উন্নয়নসহ সার্বিক বিষয়ে সরকারের কার্যক্রমকে সমর্থন করতে পারেন।

বুধবার (৪ মার্চ) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত দীপেন দেওয়ানের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক মোঃ সাইফুল ইসলাম পনির, বিএনপি নেতা মানস মুকুর চাকমা, প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ প্রমুখ।

পার্বত্য মন্ত্রী আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কাজের ক্ষেত্রে কোনও প্রকার অনিয়ম বা দুর্নীতি মেনে নেওয়া হবে না। আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করছি। পাহাড়ের সার্বজনীন সম্প্রীতি বজায় রেখে প্রতিটি ক্ষেত্রে গুরুত্ব বিবেচনা করে কাজ করা হবে।

তিনি বলেন, রাঙ্গামাটির কর্ণফুলী পেপার মিল, ঘাগড়া টেক্সটাইল মিলসহ যেসব প্রতিষ্ঠান অকেজো অবস্থায় রয়েছে, সরকারের সঙ্গে আলাপ করে তা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। পার্বত্য চট্টগ্রামের শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, পর্যটন, অবকাঠামোসহ প্রতিটি ক্ষেত্রে তিন পার্বত্য জেলায় সুষম বন্টনের মাধ্যমে উন্নয়ন কাজ ত্বরান্বিত করা হবে।

মন্ত্রী আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকায় জনগণ আমাদেরকে তাদের সেবক হিসেবে দায়িত্ব দিয়েছে। তাই দেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সাংবাদিকদের অভিযোগের প্রেক্ষিতে রাঙ্গামাটি সদরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ না করে ভুয়া অর্থ লোপাটের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের জানান পার্বত্য মন্ত্রী। মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৫০–৬০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: