মোটরসাইকেল থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, চালক উধাও
গাইবান্ধা পৌর শহরের ২ নম্বর ট্রাফিক মোড়ে বুধবার (৪ মার্চ) দুপুরে পুলিশি চেকপোস্টে একটি মোটরসাইকেল পৌঁছালে দায়িত্বরত পুলিশ সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। এ সময় চালক সন্দেহজনক আচরণ করলে তাকে থামানোর চেষ্টা করা হয়। তল্লাশির সময় বিপুল পরিমাণ গাঁজাসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়। তবে, কৌশলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের ২ নম্বর ট্রাফিক মোড় দিয়ে একটি মোটরসাইকেল যাওয়ার সময় পুলিশ থামার নির্দেশ দিলে চালক প্রথমে এদিক-সেদিক ঘোরাঘুরির চেষ্টা করেন এবং একপর্যায়ে মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যান। পরে, পুলিশ মোটরসাইকেল তল্লাশি করে বোরকার কাপড়ে মোড়ানো অবস্থায় প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করে।
তবে, প্রাথমিকভাবে উদ্ধারকৃত গাঁজার পরিমাণ নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। পুলিশ সূত্রে আনুমানিক ১০ কেজি গাঁজা থাকার কথা জানানো হয়েছে।
এ সময় ট্রাফিক দায়িত্বে থাকা সার্জেন্ট সোহাগ জানান, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: