ব্রহ্মপুত্রে ভাসমান সেতু উল্টে মৃত্যু বেড়ে ৫!
ছবি: সংগৃহীত
জামালপুরে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু উল্টে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়েছে। ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান দুই সহোদর ভাইবোনসহ পাঁচজন।
শনিবার (২১ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার ১০ বছর বয়সী সন্তান মায়ামনি, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব ও তার ১২ বছর বয়সী মেয়ে খাদিজা, বেলতলি এলাকার হাবিবুল্লাহর ১৪ বছর বয়সী ছেলে আবির হোসেন এবং বালু গ্রামের জয়নালের ছেলে হাফেজ মিহাদ (১৬)।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। সবশেষ রাত সাড়ে ৯টার দিকে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্র নদের ওপর ড্রাম দিয়ে তৈরি ওই ভাসমান সেতুটি দিয়ে চরাঞ্চলে যাতায়াতের পাশাপাশি ঈদ উপলক্ষে বিনোদনের ব্যবস্থাও করা হয়েছিল। বিকালে অতিরিক্ত দর্শনার্থীর চাপ সামলাতে না পেরে সেতুটি হঠাৎ উল্টে যায় এবং মাঝখান থেকে ভেঙে পড়ে। এতে অনেকেই পানিতে পড়ে যায়।
তবে বেশিরভাগ মানুষ সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কয়েকজন নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে পাঁচজনকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। পরবর্তিতে আরও একজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুর-১ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বিভি/এমআর



মন্তব্য করুন: