বেতনার বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, হুমকিতে শতবর্ষী বাজার
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বেতনা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে ভাঙনের কবলে পড়ে হুমকির মুখে রয়েছে শতবর্ষী ঐতিহ্যবাহী ও বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র বুধহাটা বাজার। নদীর প্রবল স্রোতের তোড়ে বাজারসংলগ্ন পূর্ব-দক্ষিণ ও উত্তর-পশ্চিম পাশের বেড়িবাঁধ ধসে পড়েছে। ফলে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নদী খনন ও অব্যবস্থাপনার কারণেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। নদীর বাহাদুরপুর অংশে দীর্ঘদিন ধরে পলি জমে ভরাট হয়ে থাকলেও সেখানে খনন না করে ভাঙনকবলিত পাড়—অর্থাৎ বুধহাটা বাজার এলাকায়—নদী খনন কাজ করা হয়েছে। ফলে স্রোতের গতিপথ সরাসরি বাজারের দিকে চলে এসেছে।
গত কয়েক দিনে প্রায় ১৫ থেকে ২০ হাত বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনকবলিত এলাকায় নৌযান চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি একটি খেয়া নৌকা ঘাটে ভিড়তে গেলে নদীর পাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। এতে যাত্রীরা নদীতে পড়ে যান। পরে স্থানীয়দের দ্রুত সহযোগিতায় শিশুসহ সবাইকে উদ্ধার করা সম্ভব হলেও এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, শুধু বালুর বস্ত ফেলে এই বাজার রক্ষা করা সম্ভব নয়। দ্রুত নদীর অপর পাড়ে জমে থাকা পলি অপসারণ করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে এবং স্রোতের দিক পরিবর্তনের ব্যবস্থা নিতে হবে। অন্যথায় শত বছরের ঐতিহ্যবাহী বুধহাটা বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে তারা পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাসকিয়া বলেন, নদী খননের ফলে তোলা মাটি ভেঙে পড়ার আশঙ্কা থাকে। সেখানে যদি কোনো বেড়িবাঁধ থাকে, তাহলে বিষয়টি তারা দেখবেন।
বুধহাটা বাজার নদীভাঙনে বিলীন হওয়ার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, খাসজমি রক্ষা করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না।
এদিকে, দায়িত্ব এড়িয়ে এমন বক্তব্য দেওয়ায় স্থানীয় সচেতন মহল তীব্র সমালোচনা করেছেন। তাদের দাবি, পানি উন্নয়ন বোর্ডের মূল বাঁধ বহু আগেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে পুরোনো সেই বাঁধ নদী পার হয়ে বাহাদুরপুর অংশে গিয়ে উঠেছে।
তারা আরও জানান, বর্তমানে বুধহাটা পাড়ে যে বাঁধটি রয়েছে, সেটি ভাঙতে ভাঙতে পিছু হটে বাজারের ভেতরে চলে এসেছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পুরো বাজার ও জনবসতি নদীগর্ভে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: