পেট্রোল আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু
রাজবাড়ীতে পেট্রোল আনতে যাওয়ার সময় বালিয়াকান্দি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. মাহাথির মন্ডল (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহাথির মন্ডল মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী শহরের দিকে পেট্রোল আনতে যাচ্ছিলেন। পথে রাজবাড়ী–বালিয়াকান্দি সড়কের হুলাইল গ্রামের গজারিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়েন।
নিহত মাহাথির মন্ডল বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মো. বারেক মন্ডলের ছেলে এবং বহরপুর ডিগ্রি কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এদিকে স্থানীয়রা জানান, সড়কটিতে অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা সড়ক নিরাপত্তা জোরদার এবং যানবাহন চলাচলে আরও সতর্কতা অবলম্বনের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে চারদিকে হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়েছে।
বিভি/টিটি



মন্তব্য করুন: