• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শজিমেকে রোগীর স্বজনদের হামলায় ৪ আনসার সদস্য আহত  

প্রকাশিত: ১২:১৮, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:২১, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
শজিমেকে রোগীর স্বজনদের হামলায় ৪ আনসার সদস্য আহত  

ছবি: সংগৃহীত

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর স্বজনদের হামলায় চার আনসার সদস্য আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোগীর সঙ্গে আসা চার বন্ধুকে আটক করেছে পুলিশ। 

আহত আনসার সদস্যরা হলেন মোস্তাফিজুর, আনোয়ার হোসেন, শাহীন ও আজাদ। তাদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে। চারজনকেই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বগুড়া জেলা আনসার কমান্ড্যান্ট গোলাম মাওলা তুহিন বলেন, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক তরুণকে হাসপাতালে নিয়ে আসেন। রোগীকে ট্রলিতে নেওয়ার সময় ট্রলিম্যানদের সঙ্গে ওই যুবকদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা একজন ট্রলিম্যানকে মারধর করেন।

তখন টহলরত আনসার সদস্যরা সেখানে গিয়ে ট্রলিম্যানকে উদ্ধার করেন। পরে রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর ওই যুবকেরা আবার ট্রলিম্যানকে খুঁজতে থাকেন এবং তাঁকে মারধর শুরু করেন। তাঁকে রক্ষা করতে গেলে আনসার সদস্যদের ওপরও হামলা করা হয়।

আনসার কমান্ড্যান্ট বলেন, হামলাকারীদের কাছে চাকু বা ধারালো অস্ত্র ছিল বলে তারা জানিয়েছেন। হামলায় চার আনসার সদস্য আহত হন। তাঁদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক তরুণ চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। তাঁর সঙ্গে কয়েকজন বন্ধু ছিলেন। জরুরি বিভাগের সামনে রোগীর জন্য ট্রলি আনতে গেলে আনসার সদস্যদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই তরুণেরা আনসার সদস্যদের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারেন।

ইকবাল বাহার বলেন, হামলায় চার আনসার সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় রোগীর সঙ্গে আসা চার বন্ধুকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: