• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

হাতিয়ায় স্বেচ্ছাসেবকদের হাতে-কলমে প্রস্তুতি, বিপদে পাশে থাকার অঙ্গীকার

মাওলা সুজন, নোয়াখালী 

প্রকাশিত: ১২:২৮, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১২:২৮, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হাতিয়ায় স্বেচ্ছাসেবকদের হাতে-কলমে প্রস্তুতি, বিপদে পাশে থাকার অঙ্গীকার

দুর্যোগের সময় দ্রুত সাড়া দেওয়া, আগাম সতর্কবার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া, ঝুঁকিতে থাকা মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে সহায়তা করা এবং জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নিলেন নোয়াখালীর হাতিয়ার ৩০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক। প্রশিক্ষণ শেষে দুর্যোগের সময় বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালনের অঙ্গীকার করেন অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকেরা। 

ইভিসিআর প্রকল্পের আওতায় আয়োজিত দুই দিনব্যাপী দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণে চর ঈশ্বর ইউনিয়ন, চর কিং ইউনিয়ন ও হাতিয়া পৌরসভার ৩০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক অংশ নেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হাতিয়ার দ্বীপ উন্নয়ন সংস্থার প্রশিক্ষণকক্ষে শুরু হওয়া এ প্রশিক্ষণ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে শেষ হয়।

দুই দিনের প্রশিক্ষণে দুর্যোগ প্রস্তুতি, আগাম সতর্কবার্তা, আগাম পদক্ষেপ, দুর্যোগ ব্যবস্থাপনা চক্র, অনুসন্ধান ও উদ্ধার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। দুর্যোগের সময় মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে কাদের অগ্রাধিকার দিতে হবে এবং কীভাবে দ্রুত ও সমন্বিতভাবে কাজ করতে হবে, সে বিষয়েও স্বেচ্ছাসেবকদের ধারণা দেওয়া হয়।

এছাড়াও স্ফিয়ার কী, স্ফিয়ারের মানবিকতার ঘোষণাপত্র, সুরক্ষা নীতিমালা ও মানবিকতার মূলমান বিষয়ে আলোচনা করা হয়। অনুসন্ধান ও উদ্ধার বিষয়ে আহত বা বিপদগ্রস্ত ব্যক্তিকে নিরাপদে উদ্ধারের বিভিন্ন কৌশলও শেখানো হয়।

বিশেষভাবে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধী ব্যক্তিসহ অধিক ঝুঁকিতে থাকা মানুষের নিরাপত্তা ও প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার বিষয়টি প্রশিক্ষণে তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির ভূমিকা এবং দুর্যোগের আগে, দুর্যোগকালীন ও পরবর্তী সময়ে স্থানীয় স্বেচ্ছাসেবকদের দায়িত্ব ও করণীয় নিয়ে আলোচনা হয়।

আয়োজকেরা জানান, দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকায় স্থানীয় স্বেচ্ছাসেবকেরাই অনেক ক্ষেত্রে মানুষের সবচেয়ে কাছাকাছি থেকে কাজ করেন। তাই দুর্যোগের আগে প্রস্তুতি, সময়মতো সতর্কবার্তা পৌঁছে দেওয়া, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তাঁদের জ্ঞান ও সক্ষমতা বাড়ানো এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।

স্টার্ট ফান্ড বাংলাদেশের সহযোগিতায় নোয়াখালীর হাতিয়ায় ইভিসিআর প্রকল্প বাস্তবায়ন করছে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ও পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক-(প্রান)।

বিভি/এসজি

মন্তব্য করুন: