সেভেন আপের বোতলে ছিল ঘাস দমনের ওষুধ, সেবনে ব্যবসায়ীর মৃত্যু
সাতক্ষীরার কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাস দমনের ওষুধ (বিষ) ভুলবশত সেবন করে জেহের আলী গাজী (৫৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেহের আলী কালিগঞ্জ উপজেলার উচ্ছেপাড়া গ্রামের মৃত মীর আলী গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে রতনপুর এলাকার একটি মুদিদোকানে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা বিষ ভুলবশত সেবন করেন জেহের আলী। এরপর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদন শেষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: