• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সীমান্ত থেকে ৩ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

ট্রাকের পাথরের নিচে মিললো গাড়ির যন্ত্রাংশ, ১৩৫ ভারতীয় মোবাইল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৬:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
ট্রাকের পাথরের নিচে মিললো গাড়ির যন্ত্রাংশ, ১৩৫ ভারতীয় মোবাইল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক অভিযানে ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকা সিজার মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এর মধ্যে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে ৭০৮ পিস ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও পাঁচটি বেনারসি শাড়ি এবং ভোলাহাট থেকে ১৩৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় অভিযান চালায় ৫৯ বিজিবি। এ সময় পাথরবোঝাই একটি ভারতীয় মালিকবিহীন ট্রাক জব্দ করা হয়। পরে ট্রাকটিতে থাকা পাথরের মধ্যে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও পাঁচটি বেনারসি শাড়ি উদ্ধার করা হয়। এ অভিযানে জব্দ করা পণ্যের সিজার মূল্য ২ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার টাকা।

অন্যদিকে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ভোলাহাট উপজেলার আলীমোড় এলাকায় অভিযান চালিয়ে ১৩৫টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন উদ্ধার করে বিজিবি। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়। অভিযানের উপস্থিতি টের পেয়ে ইজিবাইকের চালক পালিয়ে যায়। এ অভিযানে জব্দ করা পণ্যের সিজার মূল্য ৪৯ লাখ ১৫ হাজার টাকা।

দুটি অভিযানে সব মিলিয়ে জব্দ করা চোরাচালানি পণ্যের সিজার মূল্য প্রায় ৩ কোটি ৭ লাখ টাকা।

৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

জব্দকৃত চোরাচালানি পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: