• NEWS PORTAL

  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

যাওয়া হলো না পীরের দরবারে, সড়কেই ঝরলো ৩ প্রাণ 

প্রকাশিত: ২২:৩৯, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
যাওয়া হলো না পীরের দরবারে, সড়কেই ঝরলো ৩ প্রাণ 

ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। 

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতদের মধ্যে একজন নারী, একজন শিশু ও অটোচালক রয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিকসসংলগ্ন কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আখি বেগম (৩০), মো. জাকারিয়া (১২) ও অটোচালক জুয়েল।  

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান গণমাধ্যমকে জানান, নান্দেশ্বরী বটতলা টাইগার ব্রিজসংলগ্ন পাকা সড়কে অটোরিকশার সঙ্গে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালকসহ চারজন গুরুতর আহত হন। আহতদের পার্শ্ববর্তী মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

ওসি বলেন, আখি বেগমের সন্তান হচ্ছিলো না। এ কারণে তারা স্বামী-স্ত্রী, বাবা ও ভাগ্নেসহ পীরের দরবারে যাচ্ছিলেন।

নিহত আখি বেগমের বাবা আহত আবুল হোসেন গণমাধ্যমকে জানান, তিনি তার মেয়ের জামাই সেলিম আহমেদসহ একই পরিবারের পাঁচজন অটোতে করে একটি অনুষ্ঠানে যাওয়ার সময় এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। এতে তিনি ও তার জামাই বেঁচে গেলেও তিনজন নিহত হন। মেয়ের সন্তান না হওয়ায় পীরের দরবারে যাওয়ার কথাও ছিলো বলে জানান তিনি।

ধামরাই থানার কাওয়ালিপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, লাশ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় জড়িত পিকআপভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে।

সাটুরিয়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মো. রোকনুজ্জামান গণমাধ্যমকে জানান, গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


 

বিভি/এআই

মন্তব্য করুন: