ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর কুয়াকাটা
দু্র্গা পূজার তৃতীয় দিনের ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের পর্যটন কার্নিভালকে কেন্দ্র করে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা। তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউ বাগান, গঙ্গামতি ও লাল কাকঁড়ার চর সহ সকল পর্যটন স্পটে রয়েছে পর্যটকদের বাড়তি উপস্থিতি।
আগত পর্যটকরা সৈকতের জিরো পয়েন্টে হৈ-হুল্লোড় ও সমুদ্রে সাতার কেটে আনন্দ উন্মাদনায় মেতেছেন। কেউ সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছে। কেউবা আবার প্রিয়জনের হাতে হাত রেখে সৈকতের একপ্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন।
এদিকে বুকিং রয়েছে কুয়াকাটার তিন শতাধিক হোটেল মোটেলের শতভাগ কক্ষ। বিক্রি বাড়ায় স্বতি ফিরেছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। তবে হোটেল ভাড়া ও খাবার মূল্য বেশি রাখার অভিযোগ করেছেন পর্যটকরা। আগতদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে নিরাপত্তা চাদরে ঘেরা হয়েছে বিপুল সংখ্যক জেলা পুলিশ, থানা পুলিশ, নৌ-পুলিশ ও ট্যুরিষ্ট পুলিশ মোতায়েন রয়েছে। কার্নিভালের দুই দিনে তিন লাখ পর্যটক আগমনের আশা করছেন সংশ্লিষ্টরা।
বিভি/এসজি













মন্তব্য করুন: