মানিকগঞ্জে সাড়ে ৪ কোটি টাকায় ৩ সড়কের উন্নয়নকাজ উদ্বোধন
নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে পর্যায়ক্রমে মানিকগঞ্জ জেলার সব সড়কের উন্নয়নকাজ বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
খাদ্যমন্ত্রী বলেন, জনগণের যাতায়াত সহজ করা এবং এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় সড়কগুলোর উন্নয়নকাজ বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করা হবে।
সড়কগুলোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজ সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়ন পরিষদের সামনে প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে তিনটি সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি উন্নয়নকাজের ফলক উন্মোচন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় প্রকল্পগুলোর মধ্যে রয়েছে তরা থেকে গিলন্ড বাজার পর্যন্ত এক হাজার ৭০০ মিটার এবং গড়পাড়া ইউনিয়ন পরিষদ থেকে চান্দহর বাজার পর্যন্ত এক হাজার ৪৮০ মিটার সড়কে ইউনি ব্লক স্থাপন। এ ছাড়া গিলন্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গিলন্ড ঈদগাহ মাঠ পর্যন্ত এক হাজার মিটার সড়কের রক্ষণাবেক্ষণকাজ করা হবে। তিনটি সড়কের মোট দৈর্ঘ্য চার হাজার ১৮০ মিটার। এসব উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজের চুক্তিমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।
এসময়, উপস্থিত ছিলেন মানিকগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, অ্যাডভোকেট আজাদ হোসেন খান, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন এবং এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. কামরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বিভি/এসজি













মন্তব্য করুন: