খুলনায় রঙ মিস্ত্রিকে ছুরিকাঘাত করে টাকা-মোবাইল ছিনতাই
খুলনা মহানগরীতে অজ্ঞাতনামা ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাসেল (৩২) নামে এক রঙ মিস্ত্রি আহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে নগদ ৬০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর সদর থানাধীন পূর্ব বানিয়াখামার এলাকায় খাদিমুল মাদ্রাসার পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে।
আহত রাসেল লবণচরা থানাধীন পুটিমারি রেলব্রিজ এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবুল কালাম শেখ।
পুলিশের প্রাথমিক তথ্য ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, সন্ধ্যায় ওই গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় ছয় থেকে সাত জন অজ্ঞাতনামা ব্যক্তি রাসেলের পথরোধ করে। একপর্যায়ে তারা ধারালো চাকু দিয়ে তাঁর বাম হাতের বাহুতে আঘাত করে। পরে তার কাছে থাকা নগদ ৬০০ টাকা ও ভিভো ভি-২০ মডেলের একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন আহত রাসেলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় জড়িতদের পরিচয় ও গ্রেফতারের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বিভি/এসজি













মন্তব্য করুন: