• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

হাসপাতালে যাওয়ার পথে নৌকায় যমজ সন্তান প্রসব, মা-শিশুসহ তিনজনই সুস্থ

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২০:০১, ৩ নভেম্বর ২০২৬

আপডেট: ২০:০১, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হাসপাতালে যাওয়ার পথে নৌকায় যমজ সন্তান প্রসব, মা-শিশুসহ তিনজনই সুস্থ

গাইবান্ধার ফুলছড়িতে হাসপাতালে নেওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকার পাটাতনেই যমজ সন্তান প্রসব করেছেন এক প্রসূতি। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে প্রসববেদনা উঠলে চরাঞ্চলের বাসিন্দা মনোয়ার হোসেনের স্ত্রীকে পরিবারের লোকজন নৌকায় করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন। আড়াই ঘণ্টা পর নৌকাটি নদের মাঝপথে পৌঁছালে তার প্রসববেদনা তীব্র হয়। পরে নৌকাতেই তিনি প্রথমে একটি ছেলে ও পরে একটি মেয়ে সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও দুই নবজাতক সুস্থ আছেন।

নবজাতকের বাবা মনোয়ার হোসেন বলেন, নদীর মাঝখানে থাকায় আমরা চরম দুশ্চিন্তায় পড়ে যাই। আল্লাহর রহমতে নৌকাতেই আমার স্ত্রী যমজ সন্তানের জন্ম দিয়েছে।

মাত্র তিন দিনের ব্যবধানে ফুলছড়িতে নৌকায় সন্তান প্রসবের এটি দ্বিতীয় ঘটনা। এর আগে শনিবার একইভাবে আরেক প্রসূতি নৌকায় কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন।

এ বিষয়ে এরেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ বলেন, চরে কোনো স্থায়ী হাসপাতাল না থাকায় রোগীদের খাটিয়ায় করে ঘাটে এনে নৌকায় পার হতে হয়। সময়মতো চিকিৎসা না পেয়ে অনেক রোগীর অবস্থা সংকটাপন্ন হয়। চরবাসীর জন্য একটি স্থায়ী চিকিৎসাকেন্দ্র বা ভাসমান হাসপাতাল খুবই জরুরি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত