গারো পাহাড়ি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নতুন উদ্যোগ
শেরপুর ও ময়নসিংহ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে সীমান্তের ৪২ কিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত আটটি বিজিবি ক্যাম্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে সংযোজন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরা, ড্রোন ক্যামেরা ও দুটি এটিভি গাড়ি। পাশাপাশি বিশেষ মহড়াও পরিচালনা করেছে বিজিবি।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ময়মনসিংহ ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় এ বিশেষ মহড়ার আয়োজন করা হয়।
মহড়ায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ, টুআইসি মেজর আশিক ইকবাল, হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম প্রমুখ। এসময় বিজিবি অধিনায়ক মো. নুরুল আজিম বায়েজীদ অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তের কাছাকাছি বসবাসরত বাসিন্দাদের সাথে কথা বলেন এবং তাদের সচেতন ও সতর্ক থাকার আহবান জানান।
বিজিবি সূত্র জানায়, আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য অপরাধ প্রতিরোধসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে ব্যাপক নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধ এবং উদ্ভূত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলার লক্ষ্যে ড্রোন ও সোলারচালিত এআই ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, অস্থায়ী চেকপোস্ট স্থাপন, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং অতিরিক্ত বিজিবি সদস্যদের সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। নতুন প্রযুক্তি ও বাড়তি জনবলের মাধ্যমে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি আরও কার্যকর হবে বলে আশা করছে বিজিবি। এছাড়া সীমান্তবর্তী এলাকার জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ধর্মীয় নেতা ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ পরিলক্ষিত হলে দ্রুত নিকটস্থ বিজিবি বিওপিকে অবহিত করার জন্য স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে।
এ ব্যাপারে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী হাট-বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু, সরকারি-বেসরকারি স্থাপনা, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ যোগাযোগপথ ও এলাকাসমূহে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড, সন্দেহভাজন ব্যক্তির চলাচল এবং অস্বাভাবিক কার্যকলাপ সম্পর্কে আগাম তথ্য সংগ্রহের লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, অবৈধ অনুপ্রবেশ ও নাশকতা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।
বিভি/টিটি













মন্তব্য করুন: