আরেক মামলায় জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর, মুক্তিতে বাধা নেই
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। বুধবার (১১ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। এর ফলে তার বিরুদ্ধে থাকা দুটি মামলায় তিনি জামিনে কারামুক্তি লাভ করেছেন। তার, আইনজীবী তাসলিমা জাহান পপি জানান, জামিন পাওয়ার পর আনিস আলমগীরের কারামুক্তিতে কোনো বাধা নেই। এর আগে ৫ মার্চ আরেক মামলায় জামিন পান আনিস আলমগীর। তবে, তার নামে দুদকের মামলা থাকায় তিনি কারামুক্ত হতে পারেননি।
দুদক সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে ২৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত সেই আবেদনের প্রেক্ষিতে ২৮ জানুয়ারি তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, আনিস আলমগীরের নামে ২৫ লাখ টাকার স্থাবর সম্পদ এবং ৩ কোটি ৮৪ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকার অস্থাবর সম্পদ, মিলিয়ে মোট ৪ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৭৮৯ টাকার সম্পদ আছে। এছাড়া পারিবারিক ও অন্যান্য ব্যয় হিসেবে তার মোট ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ ৯০ হাজার টাকা, ফলে মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ২৫ লাখ ৫৮ হাজার ৭৮৯ টাকা।
অন্যদিকে তার বৈধ আয়ের উৎস থেকে মোট আয় হয়েছে ৯৯ লাখ ৯ হাজার ৮৫১ টাকা। এর মধ্যে অতীত সঞ্চয় ৫৪ লাখ ৪৫ হাজার ৮২১ টাকা, টকশো ও কনসালটেন্সি থেকে আয় ১৯ লাখ ৩৯ হাজার ৯৭৭ টাকা, প্লট বিক্রি থেকে ২২ লাখ টাকা, এবং সঞ্চয়পত্র ও ব্যাংক সুদ বাবদ ৩ লাখ ২৪ হাজার ৫৩ টাকা অন্তর্ভুক্ত।
দুদকের হিসাব অনুযায়ী, তার ঘোষিত ও গ্রহণযোগ্য আয়ের তুলনায় ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার সম্পদ বেশি পাওয়া গেছে, যা মোট অর্জিত সম্পদের প্রায় ৭৭ শতাংশ। এই অর্থকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’-এর সংগঠক আরিয়ান আহমেদ বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ১৫ ডিসেম্বর আদালত আনিস আলমগীরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। পরবর্তী সময়ে ৫ মার্চ এই মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: