কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ, ফাইন্ডিং কমিটির কার্যক্রম শুরু
জুলাই হত্যাযজ্ঞের মামলা এবং এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগের ঘটনায় গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১১ মার্চ) এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিংবা সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার (১০ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে খালাসের বিনিময়ে এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের নেতৃত্বে গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, নতুন নিয়োগপ্রাপ্ত প্রসিকিউটর মার্জিনা রহমান মদিনা, মোহাম্মদ জহিরুল আমিন এবং ট্রাইব্যুনালের ল’ রিসার্চ অফিসার সিফাতুল্লাহ।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশনের বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে এই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি কাজ করবে। পাশাপাশি সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ওঠা ঘুষ চাওয়ার অভিযোগও তদন্ত করা হবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: