• NEWS PORTAL

  • শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

তাহসিফ হত্যা: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দীপ, পাঠানো হলো কারাগারে

প্রকাশিত: ১৮:২৪, ৭ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:২৫, ৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
তাহসিফ হত্যা: রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দীপ, পাঠানো হলো কারাগারে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে আহমেদ শাহরিয়ার রেজা দীপকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

পুলিশের দাবি, রিমান্ডে জিজ্ঞাসাবাদে ঘটনার দিন তাহসিফের সঙ্গে ঘোরাফেরা, বিভিন্ন স্থানে যাতায়াত এবং রেস্টুরেন্টে খাওয়াদাওয়ার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দীপ। তবে হত্যাকাণ্ডের বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন এবং কিছু বিষয়ে নীরব থেকেছেন বলেও জানায় পুলিশ। 

এর আগে তিন দিনের রিমান্ড শেষে দীপকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় আদালতে দেওয়া আবেদনে পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যগুলো তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে।

পুলিশের ভাষ্য মতে, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় তাহসিফকে বাসা থেকে ডেকে নিয়ে যান দীপ। পরে তারা একটি মোটরসাইকেল গ্যারেজে যান। সেখান থেকে জেরিকা তাসনিম দিশাকে সঙ্গে নিয়ে রাজধানীর সিপি ফাইভ স্টারে নাশতা করেন। রাতে তারা উত্তরা নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান। সেখানে তিনজনই বিয়ার পান ও ধূমপান করেন। একপর্যায়ে জেরিকা বাসায় চলে যান।

পুলিশের আবেদনে বলা হয়, ২৮ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তিতে পৌঁছান। পরে তুরাগ নদীর তীরবর্তী একটি মাঠে যাওয়ার পর কয়েকজনকে দেখে তারা আলাদা হয়ে যান বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দীপ।

সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের কললিস্টসহ বিভিন্ন তথ্য পর্যালোচনা করে পুলিশ দাবি করেছে, মৃত্যুর আগে তাহসিফকে সর্বশেষ দীপ ও জেরিকার সঙ্গে দেখা গেছে।

এদিকে শুনানিতে দীপের আইনজীবী বলেন, জিজ্ঞাসাবাদে তার মক্কেল সব ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছেন। রিমান্ডে নেওয়ার পর চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা বলা হলেও কাউকে জোর করে স্বীকারোক্তি আদায়ের সুযোগ নেই। এ সময় আসামির মানসিক অবস্থার বিষয়টিও বিবেচনায় নেওয়ার অনুরোধ জানান তিনি। পরে সব দিক বিবেচনায় দীপের জামিন আবেদন করেন আইনজীবী। 

তবে আদালত আবেদনটি নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিভি/টিটি

মন্তব্য করুন: