৮ লাখ টাকা ঘুষ দিতে চাওয়া সাবেক শিক্ষককে পুলিশে দিলেন শিক্ষা কর্মকর্তা
রংপুরে ঘুষ দিতে গিয়ে আটক হয়েছেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক। আটক ওই ব্যক্তির নাম মাইদুল ইসলাম। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক রোকসানা বেগম তাকে পুলিশের হাতে তুলে দেন।
রোকসানা বেগম জানিয়েছেন, আটক ওই ব্যক্তি একজন শিক্ষক ছিলেন বলে আমাকে জানিয়েছেন।
রোমারী উপজেলার সদর ইউনিয়নের কচাইকাটা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক ও তিনজন কর্মচারীর এমপিওভুক্তির বিষয়ে কথা বলতে গত সপ্তাহেও আমার দফতরে এসেছিলেন। আজ আবারো এসে আমার সঙ্গে কথা বলার একপর্যায়ে ব্যাগে থাকা আট লাখ টাকা আমাকে নেওয়ার জন্য বলেন এবং এমপিওভুক্তির জন্য কাজ করতে বলেন। বিষয়টি মেনে নিতে না পেরে পুলিশকে অবগত করি। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।
শিক্ষা কর্মকর্তার দফতরে মাইদুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমি জানতাম না যে, ম্যাডাম ঘুষ নেন না। তাকে আট লাখ টাকা ঘুষ দিতে চাওয়াটা আমার অন্যায় হয়েছে।
রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভি/এজেড



মন্তব্য করুন: