ফ্ল্যাট বাসায় মিললো ৫১ কেজি গাঁজা, নারী মাদক কারবারি আটক
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তারা জানতে পারে, কয়েকজন মাদক ব্যবসায়ী মধ্যম মোহরা এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে মাদকদ্রব্য মজুত করে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-৭-এর একটি আভিযানিক দল ওই এলাকায় ‘মায়ামী ভিলা’ নামের ভবনের একটি ফ্ল্যাটে অভিযান চালায়।
অভিযানকালে মুর্শিদা আক্তার নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। তার বাড়ি কক্সবাজার জেলায়। পরবর্তীতে ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ঘরের খাটের নিচে ও একটি ট্রাভেল ব্যাগ থেকে বিশেষ কৌশলে লুকানো ৫১ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব। আটক আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: