• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

এক ঘণ্টার অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৫:২০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এক ঘণ্টার অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা।

গত রবিবার (২২ ফেব্রুয়ারি ) আনুমানিক রাত ১২টা থেকে ঘন্টা ব্যাপী গোবিন্দগঞ্জ উপজেলার তরফ কামাল গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃত ব্যক্তি আনোয়ারুল ইসলাম (৩৮)। তিনি তরফ কামাল গ্রামের আজিবর রহমানের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিদর্শক জুয়েল ইসলামের নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযানে অংশ নেয়। অভিযান চলাকালে তিন কক্ষবিশিষ্ট টিনের চৌচালা সেমিপাকা বাড়িতে প্রবেশ করে তাকে আটক করা হয়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার শয়নকক্ষে তল্লাশি চালিয়ে কাঠের তৈরি শোকেসের নিচের ড্রয়ার থেকে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায় ট্যাপেন্টাডল ট্যাবলেটের ২৮৫ পাতা। প্রতি পাতায় ১০টি করে মোট ২ হাজার ৮৫০টি ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর মোট ওজন প্রায় ১ দশমিক ১৯৭ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা। অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত ডিজিটাল ওয়েট মেশিনে ঘটনাস্থলেই আলামতের ওজন নির্ধারণ করা হয়। উদ্ধারকৃত মালামাল থেকে ১ পাতা (১০ পিস) নমুনা হিসেবে পৃথক করে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। বাকি আলামত যথাযথভাবে সিলগালা করে বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(খ) ধারায় গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধা।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন: