• NEWS PORTAL

  • শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

ধর্ষণের পর বাবার থেকে ছিনিয়ে কিশোরীকে হত্যা, ৩০ ঘণ্টায় গ্রেফতার হলেন কতজন?

লক্ষ্মণ বর্মণ, নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ধর্ষণের পর বাবার থেকে ছিনিয়ে কিশোরীকে হত্যা, ৩০ ঘণ্টায় গ্রেফতার হলেন কতজন?

নিহত আমেনা আক্তারের নিথর দেহ।

নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ধর্ষণের শিকার কিশোরীকে পরিকল্পিতভাবে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে হত্যার ঘটনায় শুক্রবার দুপুর অব্দি মোট ৫ জনকে গ্রেফতার করেছে আইনশৃংখলা বাহিনী। তবে, এখনও ধরাছোঁয়ার বাইরে মূল অভিযুক্ত নূরা। 

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- মহিষাসুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান, মূল অভিযুক্ত নূরার চাচাত ভাই মোহাম্মদ আইয়ুব, একই এলাকার এবায়দুল্লাহ এবং হোসেন বাজার এলাকার গাফফার। 

এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে মাধবদীর একটি ফসলি জমির পাশে পাওয়া যায় আমেনা আক্তার নামে ১৫ বছর বয়সি ওই কিশোরীর মরদেহ। 

স্থানীয়রা জানায়, সপ্তাহ ২ আগে স্থানীয় বখাটে নূরার নেতৃত্বে মোট ৬ জন বখাটে কিশোরী আমেনাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এই ঘটনায় স্থানীয় ইউপি মেম্বারসহ কয়েকজন বিচারের দায়িত্ব নেন। তবে অভিযোগ উঠেছে, অপরাধীদের সাথে রফাদফা করে মোটা অংকের অর্থ আত্মসাৎ করেন এবং কোন বিচার না করেই ঘটনাটি ধামাচাপা দেন। পাশাপাশি নির্যাতনের শিকার হওয়া ওই কিশোরীর পরিবারকে গ্রাম ছাড়তে চাপ প্রয়োগ করেন।

এলাকাবাসী বলছে, ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং গত বুধবার বখাটে চক্রটি কিশোরী আমেনাকে তার বাবার কাছ থেকেই ছিনিয়ে নিয়ে যায়। পরদিন, সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে নূরাসহ ৯ জনকে আসামি করে মাধবদী থানায় মামলা করেন। এরপর, সকাল অব্দি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। এরই মধ্যে, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ঘটনাস্থল ও মাধবদী থানা পরিদর্শন করে বলেন, মূল অভিযুক্ত নূরাসহ বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত