• NEWS PORTAL

  • রবিবার, ০৮ মার্চ ২০২৬

পাম্পে তেল নিতে গিয়ে প্রাণ গেল যুবকের, হত্যার অভিযোগ

প্রকাশিত: ০০:২৫, ৮ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
পাম্পে তেল নিতে গিয়ে প্রাণ গেল যুবকের, হত্যার অভিযোগ

ছবি: নিহত নিরব হোসেন

ঝিনাইদহ শহরের একটি ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পাম্প শ্রমিকদের সঙ্গে বাকবিতণ্ডার জেরে নিরব হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) রাতের এ ঘটনায় ইতোমধ্যে তিনজন পাম্প শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র‌্যাব।

নিহত নিরব হোসেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। তিনি শহরের বকুলতলা এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তার পেশা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

বন্ধুদের ভাষ্য অনুযায়ী, শনিবার রাতে মোটরসাইকেলে তেল নিতে শহরের বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে যান নিরব ও তার এক বন্ধু। সে সময় পাম্প শ্রমিকরা জানান, স্টেশনে তেল নেই এবং পাম্প বন্ধ রয়েছে। পরে অন্য একটি পাম্পে গিয়েও তেল না পেয়ে ফেরার পথে তারা দেখতে পান ওই স্টেশনেই বোতলে করে তেল বিক্রি করা হচ্ছে।

এ নিয়ে প্রশ্ন করলে পাম্প শ্রমিকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শ্রমিকরা নিরবকে মারধর করেন বলে অভিযোগ করেন তার বন্ধুরা। মারধরের পর নিরব বাসায় ফিরে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সব্যসাচী পাল সুমন জানান, হাসপাতালে আনার কয়েক মিনিটের মধ্যেই নিরবের মৃত্যু হয়। তার শরীরে আঘাতের কয়েকটি চিহ্ন ছিল, বিশেষ করে কানের নিচে ও মাথার পেছনে। আঘাতজনিত অভ্যন্তরীণ কারণেও মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার বিষয়ে র‌্যাব-৬ এর কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, তেল নেওয়া নিয়ে পাম্প শ্রমিকদের সঙ্গে ওই যুবকদের কথা কাটাকাটির ঘটনা ঘটে, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। পরে ওই যুবক হাসপাতালে মারা যায়। ঘটনার পর পাম্প শ্রমিক নাছিম হোসেন, রমিজুল ইসলাম ও দাউদকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এদিকে পাম্পের মালিক হারুন অর রশিদ জানান, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। পাম্পে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে শুনেছেন, তবে বিস্তারিত এখনো জানতে পারেননি।

বিভি/এমআর

মন্তব্য করুন: