এএসপির নাম ভাঙিয়ে প্রতারণা, ডিবির কথিত সোর্সসহ গ্রেফতার ৩
নরসিংদীতে অতিরিক্ত পুলিশ সুপারের (এএসপি) নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগে ডিবির কথিত সোর্সসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) পৌর শহরের পায়রা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- চিনিশপুর এলাকার সোহান (২৫), শামীম (৩৫) ও শুভ (২৭)। এদের মধ্যে সোহান নিজেকে ডিবির সোর্স হিসেবে পরিচয় দিতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনোয়ার হোসেন শামীমের নাম ব্যবহার করে একটি চক্র প্রতারণামূলকভাবে অর্থ আদায় করে আসছিল। গত মার্চে শহরের চিনিশপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি মামলায় এক আসামি গ্রেফতারের পরদিন থেকেই প্রতারকেরা সক্রিয় হয়ে ওঠে। তারা নিজেদের গোয়েন্দা পুলিশের (ডিবি) সোর্স পরিচয় দিয়ে ওই আসামির পরিবারের সঙ্গে যোগাযোগ করে।
প্রতারকরা দাবি করে, নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে তারা পুলিশ কর্মকর্তাকে ‘ম্যানেজ’ করে আসামিকে চালান দেওয়া থেকে বিরত রাখতে পারবে। সরল বিশ্বাসে পরিবারটি তাদের ১০ হাজার টাকা দেয়।
তবে, পরে পুলিশ নিয়ম অনুযায়ী আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠালে প্রতারণার বিষয়টি সামনে আসে। ভুক্তভোগী পরিবার বিষয়টি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন শামীমকে জানালে তার নির্দেশে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। পরে ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে পায়রা চত্বর এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন বলেন, এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি ঘটনার পেছনে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ডিবির সোর্স পরিচয় ব্যবহার করে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নাম ভাঙিয়ে প্রতারণার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: