• NEWS PORTAL

  • শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

নবাবগঞ্জে যুবককে ছুরিকাঘাত করে ২ গরু চুরি

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৬, ২৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
নবাবগঞ্জে যুবককে ছুরিকাঘাত করে ২ গরু চুরি

দিনাজপুরের নবাবগঞ্জে গরু চুরিতে বাধা দেওয়ায় সবুজ মিয়া (৪০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরু দুটির আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। 

পারিবারিক সূত্রে জানা যায়, ভোররাতে দুর্বৃত্তরা বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। পরে একটি বড় ও একটি ছোট গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বিষয়টি টের পান সবুজ মিয়া। তিনি বাধা দিতে গেলে দুর্বৃত্তদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সবুজ মিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তিনি আহত হন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে পারেন এমন আশঙ্কায় দুর্বৃত্তরা গরু দুটি নিয়ে বাড়ির বাইরে অপেক্ষমাণ একটি পিকআপে তুলে দ্রুত পালিয়ে যায়।পরে সবুজ মিয়াকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আহত সবুজ মিয়া ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে। ভোররাতে বাড়িতে ঢুকে গরু চুরি এবং বাধা দিতে গিয়ে এক যুবক আহত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: