খাবারে চেতনানাশক মিশিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
প্রতীকী ছবি
ফরিদপুরের ভাঙ্গায় কিশোরীকে নুডুলসের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে অচেতন করে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভাঙ্গা থানায় কিশোরীর বাবা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ এ ঘটনায় অভিযুক্ত রুবেল নামক এক যুবককে গ্রেফতার করে ফরিদপুর জেলহাজতে প্রেরণ করেছে। অন্যদিকে ওই কিশোরীকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গত ১৯ অক্টোবর সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে মেয়েটির পারিবারিক সূত্র থেকে জানা যায়। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
তিনি এ ঘটনায় স্থানীয় সায়েম মোল্লা ও রুবেল মাতুব্বরকে অভিযুক্ত করেন। পুলিশ এই ঘটনায় শুক্রবার রাতেই অভিযুক্ত দুই যুবকের মধ্যে রুবেল নামক এক যুবককে গ্রেফতার করে। শনিবার দুপুরে তাকে ফরিদপুর জেলহাজতে পাঠানো হয়।
কিশোরীর পরিবারের অভিযোগ, গত সোমবার (১৯ অক্টোবর) দিনের বেলায় ওই কিশোরীর বাবাকে মাদকসংক্রান্ত বিষয়ের অভিযোগে ভাঙ্গা থানা পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। পরে তার বাবাকে দেখতে তার মা ও ভাই ওই দিন রাতে থানায় যায়। ওই দিন রাত ২টা পর্যন্ত কিশোরীটি তার আট বছরের ছোট ভাইকে নিয়ে ঘরে ছিল। সেই সুযোগে প্রতিবেশী দুই যুবক তাদের ঘরে ঢোকেন। এসময় তারা কিশোরীকে বলেন, ‘তোর মা লুডুলস পাঠাইছে। তোদের খেতে বলেছে।’ নুডলস খাওয়ার পরপরই ভুক্তভোগী জ্ঞান হারায়।
ওই কিশোরীর বাবা সাংবাদিকদের বলেন, ‘আমি মঙ্গলবার সকালে বাড়ি এসে দেখি, আমার মেয়ে ঘুমন্ত অবস্থায় পড়ে আছে। পরে তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে তার শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ওই কিশোরীর পরিবার তাদের মেয়েকে অচেতন করে ধর্ষণ করা হয়েছে মর্মে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় ওই কিশোরীর বাবা শুক্রবার (২৩ অক্টোবর) রাতে স্থানীয় রুবেল ও সায়েম নামে দুজনকে অভিযুক্ত করে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এই ঘটনায় শুক্রবার রাতে মামলা হয়েছে।
তিনি বলেন, অভিযুক্ত যুবকদের মধ্যে রুবেল নামক এক যুবককে ওই রাতেই গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাকে ফরিদপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মেডিক্যাল রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা হবে।
বিভি/টিটি













মন্তব্য করুন: