তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার এসপি জাহাঙ্গীর চারদিনের রিমান্ডে
আরআরএফ পুলিশ সুপার জাহাঙ্গীর আলম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে গ্রেফতার হওয়া চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রবিবার দুপুরে চট্টগ্রাম মেট্রেপলিটন আদালতে তাকে হাজির করে ৭দিনের দিনের রিমান্ড আবেদন জানালে আদালত শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শনিবার দিবাগত রাতে পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেফতার করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও তথ্য পাচারের অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি করেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করা হয়।
এর আগে, গত মঙ্গলবার ঘটনার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর এসপি জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছিলো। এই কর্মকর্তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ উঠার পর প্রাথমিক তদন্তে তার সত্যতা পাওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়। এসপি জাহাঙ্গীর আলম বিসিএস (পুলিশ) ২৮তম ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন।
বিভি/এনইউ/এজেড













মন্তব্য করুন: