• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মোংলা সমুদ্র বন্দরে বেড়েছে আমদানি-রফতানি বাণিজ্য

জসিম উদ্দিন, মোংলা

প্রকাশিত: ১৯:৫৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
মোংলা সমুদ্র বন্দরে বেড়েছে আমদানি-রফতানি বাণিজ্য

দেশের নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও চলতি অর্থবছরে আমদানি-রফতানি বাণিজ্যে ঊর্ধ্বগতি দেখা গেছে মোংলা সমুদ্র বন্দরে। এ ধারাবাহিকতা অব্যাহত রেখে দেশের সমুদ্রপথের বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা বন্দর কর্তৃপক্ষের।

বন্দর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের গত ৩১ জানুয়ারি পর্যন্ত সাত মাসে ৩১টি বাণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজ থেকে ২১ হাজার ৬৫১ টিইইউ (TEU) পণ্য খালাস হয়েছে বন্দর জেটিতে। এর আগের ২০২৪-২৫ অর্থবছরের পুরো ১২ মাসে খালাস হয়েছিল ২১ হাজার ৪৫৬ টিইইউ পণ্য।

একই সঙ্গে চলতি অর্থবছরের সাত মাসে বন্দরে ভিড়েছে ৫১৫টি জাহাজ, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪৯৬টি। মোট আমদানি–রফতানি বাণিজ্যেও ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। ২০২৫–২৬ অর্থবছরের সাত মাসে মোংলা সমুদ্র বন্দরে আমদানি–রফতানি হয়েছে ৭৭ লাখ ৯২ হাজার ৪৯১ মেট্রিক টন পণ্য। সেখানে ২০২৪–২৫ অর্থবছরের একই সময়ে ছিল ৬৬ লাখ ১১ হাজার ৩৮৩ মেট্রিক টন। অর্থাৎ ১১ লাখ ৮১ হাজার ১০৮ মেট্রিক টন পণ্য বেশি বোঝাই ও খালাস হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন উপব্যবস্থাপক মো. মাকরুজ্জামান মুন্সি জানান, গত ২০২৪–২৫ অর্থবছরের তুলনায় বর্তমান ২০২৫–২৬ অর্থবছরের সাত মাসে বন্দরের সব ক্ষেত্রে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। তিনি বলেন, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের সঠিক তত্ত্বাবধানে কর্মকর্তা–কর্মচারীদের দায়িত্বশীল কর্মসম্পাদনের ফলে আমদানি–রফতানি বেড়েছে। তিনি আরও বলেন, এ ঊর্ধ্বগতির ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে মোংলা সমুদ্র বন্দর।

বন্দর ব্যবহারকারী ও মোংলা বন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. মোশারফ হোসেন বলেন, সদ্য বিজয়ী গণতান্ত্রিক সরকার সঠিক নীতিনির্ধারণ ও ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারলে মোংলা সমুদ্র বন্দরের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। এতে বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে সক্ষম হবে মোংলা বন্দর।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: