স্বর্ণের দামে বড় পতন, কমলো কত টাকা?
দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করেছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়ে বলে জানিয়েছে বাজুস।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পাকা স্বর্ণ) এর দাম কমার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন-এর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ২০ টাকা।
এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৩২০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।
স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা।
ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার কারণে চলতি মাসের শুরুতে বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ছিল। পরবর্তীতে দামের ওঠানামা শুরু হয়। সেই ধারাবাহিকতায় বর্তমানে বাজারে স্বর্ণের দরপতন লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট অর্গ (GoldPrice.org) সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৮৫৩ ডলার, যা আগের দিন ৫ হাজার ডলারেরও বেশি ছিল।
এর আগে, গত ৩০ জানুয়ারি প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি তা বেড়ে ৫ হাজার ৫৫০ ডলারে পৌঁছেছিল।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: